বীরগঞ্জে গাঁজাসহ আটক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড
মোঃ রহিদুল ইসলাম (দিনাজপুর প্রতিনিধি)
বীরগঞ্জ (৪ মার্চ ২০২৬): দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের ধুলাউড়ী গ্রামে মাদকবিরোধী অভিযানে ৩০ গ্রাম গাঁজাসহ সিরাজুল ইসলাম (পিতা: মোতালেব হোসেন) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) বিকেল ৫টার দিকে বীরগঞ্জ থানা পুলিশের এসআই আতাউর রহমান ও এএসআই আরিফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, আটককালে তার কাছ থেকে গাঁজা সেবনের সরঞ্জামাদিসহ প্রায় ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) ধারায় তাকে ১০০ টাকা জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বীরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

