যৌথ অভিযানে হবিগঞ্জে ১২ মামলার আসামি কুখ্যাত ডাকাত ইমন গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি
____________________________________________
হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ও র্যাব-৯ (সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প)-এর এক যৌথ অভিযানে এলাকার চিহ্নিত ও কুখ্যাত ডাকাত মো. রিপন মিয়া ওরফে ইমনকে (৩০) গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে যৌথ বাহিনী। গ্রেফতারকৃত রিপন হবিগঞ্জ সদর উপজেলার বড়বহুলা গ্রামের নুর আলীর ছেলে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গ্রেফতারকৃত রিপন একজন চিহ্নিত ডাকাত ও ছিনতাইকারী। সে দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলা ও এর আশপাশের বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।
তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। পুলিশ ও র্যাবের তথ্য অনুযায়ী:
গ্রেফতারকৃত রিপন হবিগঞ্জ সদর থানায় দায়েরকৃত একটি ডাকাতি মামলার এজাহারনামীয় আসামি।
তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও চুরি সংক্রান্ত মোট ১২টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

