বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মাইশা মুসফিয়াত (২১) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। নিহত মাইশা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী এবং মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া এলাকার সাখাওয়াৎ হোসেন ও সালমা আক্তারের মেয়ে।
এ ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় লেন ও রেললাইন অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন।
মঙ্গলবার সকাল ৯টার দিকে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে কয়েকজন শিক্ষার্থী বাড়ি ফেরার জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি দ্রুতগতির ঢাকামুখী লরি সামনে থাকা স্থানীয় ৮ নম্বর রুটের একটি বাসকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে অপেক্ষমাণ শিক্ষার্থীদের ওপর উঠে যায় এবং মাইশাসহ ৩ জন গুরুতর আহত হন।
আহতদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাইশাকে মৃত ঘোষণা করেন। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে আহত অপর দুই শিক্ষার্থীর পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ক্লাস স্থগিত ও সড়ক-রেলপথ অবরোধ
ঘটনার পর আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল (অব.) মোহাম্মদ কাসেম পিএসসি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবারের সব ক্লাস স্থগিত ঘোষণা করা হয়।
এদিকে সকাল সাড়ে ১১টা থেকে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় লেন এবং রেললাইন অবরোধ করে রাখেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি অব্যাহত ছিল।