সাভারে ডিবির বিশেষ অভিযান: চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ে জড়িত ৩ জন গ্রেপ্তার
কে. এম. সোহেল রানা
____________________________________________
ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত একটি চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় তাদের হেফাজত থেকে চারটি অটোরিকশার ব্যাটারি ও বিদ্যুতের ট্রান্সফরমারের ১০ কেজি তামার তার উদ্ধার করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) ঢাকা জেলা ডিবি (উত্তর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার জনাব শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মনির হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন।
এরই ধারাবাহিকতায় গত ১ নভেম্বর রাত ৭টা ৪০ মিনিটে সাভার মডেল থানাধীন হরিনধরা এলাকায় অভিযান চালিয়ে চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার বালুরচর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মো. সুজন (৩৫), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাড়াইল (সলিমগঞ্জ) এলাকার ইদন মোল্লা ওরফে ইধর মোল্লার ছেলে মমিন (৩৫) এবং ভোলা সদর থানার চর জংলা এলাকার মো. সালাউদ্দিনের ছেলে মো. সবুজ (৩৭)। তারা বর্তমানে সাভারের হেমায়েতপুর এলাকায় বসবাস করতেন।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে চারটি অটোরিকশার ব্যাটারি, যার আনুমানিক মূল্য ৪৮ হাজার টাকা এবং বিদ্যুতের ট্রান্সফরমারের ১০ কেজি তামার তার, যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মালামালের মোট আনুমানিক মূল্য ৬৮ হাজার টাকা।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার মো. সুজনের বিরুদ্ধে পূর্বে দুটি দস্যুতা ও একটি মাদকসহ মোট তিনটি মামলা রয়েছে। অপর গ্রেপ্তার মমিনের বিরুদ্ধে একটি দস্যুতা মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় ২ নভেম্বর ২০২৬ তারিখে এফআইআর নং-০৪, পেনাল কোডের ৪১৩ ধারায় মামলা রুজু করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

